May 30, 2026

বাংলাদেশে নির্বাচন বিলম্ব হলে অস্থিরতার আশঙ্কা: কুগেলম্যান

বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ধারিত ফেব্রুয়ারিতে না হলে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। তিনি মনে করেন, ভোট পেছালে রাজপথে বিক্ষোভ শুরু হয়ে তা সহিংসতায় রূপ নিতে পারে।

বুধবার (৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফরেন পলিসি-তে প্রকাশিত সাউথ এশিয়া ব্রিফে কুগেলম্যান এ মন্তব্য করেন। ঢাকায় অবস্থানকালে রাজনৈতিক বিশ্লেষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই মূল্যায়ন দিয়েছেন।

কুগেলম্যান বলেন, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের প্রস্তুতির কথা জানালেও নানা রাজনৈতিক চাপ ও প্রশাসনিক জটিলতায় তা ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে। তাঁর মতে, বর্তমানে যে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, তাতে করে ভোট পেছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

ফরেন পলিসির প্রতিবেদনে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হয়েছে গত মাসে। অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে, যা সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

ঢাকায় আলোচনার সময় অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, প্রভাবশালী কিছু মহল নির্বাচনে বিলম্ব ঘটাতে চাইছে। এদের মধ্যে রয়েছে গত বছরের ছাত্র আন্দোলন থেকে উদ্ভূত নতুন রাজনৈতিক দল এবং সরকারের ভেতরের কিছু অংশ।

তবে কুগেলম্যানের মূল্যায়ন, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ গুরুত্বপূর্ণ অংশীজনরা নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিচ্ছেন। যদিও এ প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক পরিস্থিতি কতটা স্থিতিশীল থাকে তার ওপর।

One thought on “বাংলাদেশে নির্বাচন বিলম্ব হলে অস্থিরতার আশঙ্কা: কুগেলম্যান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *