মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে মীরসরাই জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মীরসরাই উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্ল্যাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার, এডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক বোরহানউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাফর উল্লাহ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী, মীরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, মীরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক, এনসিপি মীরসরাই উপজেলার সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইন।
বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেন, নির্বাচনে কে জয়ী হলো বা কে পরাজিত হলো—সেটি বড় বিষয় নয়। আমরা সবাই মীরসরাইয়ের মানুষ। মীরসরাইয়ের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং মানুষের কল্যাণে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, মীরসরাইবাসীর পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় এবং উপস্থিত অতিথিদের সঙ্গে ইফতার করা হয়।
