May 29, 2026

ধামইরহাটে দপ্তর প্রধানদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করতে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলীসহ স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, উপজেলার প্রতিটি দপ্তর সরাসরি জনগণের সেবা প্রদান করে থাকে। তাই প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এবং ধামইরহাটের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপজেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও কার্যকর সমন্বয়ের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *