May 30, 2026

ভুং তাউয়ে ব্রোঞ্জের তিমি মূর্তি: সমুদ্রঘেরা শহরের নতুন প্রতীক

ভিয়েতনামের ভুং তাউ উপকূলীয় শহরের বাই সাউ সমুদ্র সৈকত এখন নতুন এক আকর্ষণে মুখর। প্রায় ৯ মিটার লম্বা এবং ৫০ টন ওজনের বিশাল ব্রোঞ্জের তিমি মূর্তিটি সম্প্রতি স্থাপন করা হয়েছে, যা স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য এক অনন্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। হো চি মিন সিটির ভুং তাউ ওয়ার্ডের ব্যাক বিচ এলাকায় স্থাপিত এই শিল্পকর্ম ইতোমধ্যে ছবি তোলা ও ভ্রমণপিপাসুদের মিলনস্থল হয়ে উঠেছে।

প্রায় দুই মাসের নির্মাণকাজ শেষে ৫০ বিলিয়ন ভিয়েতনামি ডং ব্যয়ে প্রকল্পটি সম্পন্ন হয়। মূর্তিটি হোয়াং হোয়া থাম সড়কের বিপরীতে ফ্ল্যাগপোল স্কোয়ারে স্থাপন করা হয়েছে। উদ্বোধনের পর থেকেই এলাকাটি পর্যটকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে। ২০ মিলিমিটার পুরু লাল তামা দিয়ে নির্মিত মূর্তিটি একটি কৃত্রিম হ্রদের মাঝখানে পাথরের বেদির ওপর দাঁড়িয়ে আছে। চারপাশে রয়েছে ঝর্ণাধারা ও আধুনিক আলোকসজ্জা, যা সন্ধ্যার পর পুরো এলাকাকে মোহনীয় রূপ দেয়।

ছবি :সংগৃহীত

শিল্পীদের নিখুঁত কারুকাজে তিমির বাঁকানো লেজ, চোখের অভিব্যক্তি এবং শরীরের প্রতিটি ভাঁজ অত্যন্ত জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্রকল্পের আওতায় শুধু মূর্তিই নয়, ফ্ল্যাগপোলের সংস্কার, চত্বর পাকাকরণ, জলাধার নির্মাণ এবং তিমি দেবতার উপাসনা ও নঘিনহ ওং থ্যাং ট্যাম উৎসবের ইতিহাস তুলে ধরা একটি পাথরের ফলকও স্থাপন করা হয়েছে।

মূর্তিটির নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে নিং বিন প্রদেশে। প্রথমে প্রকৃত মাপের মাটির মডেল তৈরি করা হয়, পরে যৌগিক ছাঁচের মাধ্যমে ব্রোঞ্জ ঢালাই করা হয়। সামুদ্রিক লবণাক্ত পরিবেশে ক্ষয় রোধে অভ্যন্তরীণ কাঠামোয় ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিলের ফ্রেম। নির্মাণ শেষে বিশাল বিশেষায়িত যানবাহনে করে মূর্তিটি ভুং তাউয়ে এনে ২ হাজার ৫৭৩ বর্গমিটার এলাকাজুড়ে স্থাপন করা হয়।

রাতের বেলায় ফোয়ারার আলো পানিতে প্রতিফলিত হয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণকারীরা বলছেন, মূর্তিটির ভঙ্গিমা এমনভাবে তৈরি করা হয়েছে যেন তিমিটি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে—যা পবিত্রতা ও নিরাপত্তার প্রতীক হিসেবে ধরা হয়।

লাম ডং প্রদেশ থেকে আসা পর্যটক নগুয়েন থি ল্যান বলেন, “মূর্তিটি বাস্তবে দেখলে এর বিশালতা বোঝা যায়। সমুদ্রের পটভূমিতে এটি অসাধারণ লাগে। আমার বিশ্বাস, এটি ভুং তাউয়ের অন্যতম জনপ্রিয় চেক-ইন স্পটে পরিণত হবে।”

ভুং তাউ ইনভেস্টমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্ট বোর্ড জানিয়েছে, কঠোর আবহাওয়া ও সামুদ্রিক পরিবেশ বিবেচনায় লাল তামা ব্যবহার করা হয়েছে, যাতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত হয়। এই তিমি মূর্তিটি থুই ভ্যান সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ, যার মোট বিনিয়োগ প্রায় ১,১০০ বিলিয়ন ভিয়েতনামি ডং।

ছবি :সংগৃহীত

ট্যাম থাং টাওয়ারসহ আশপাশের স্থাপনাগুলোর সঙ্গে মিলিয়ে এই মূর্তি বাই সাউ সৈকতে নতুন পরিচিতি যোগ করেছে। একই সঙ্গে এটি ভিয়েতনামের উপকূলীয় জেলেদের প্রাচীন বিশ্বাস ও তিমি দেবতার প্রতি শ্রদ্ধার সাংস্কৃতিক ঐতিহ্যকেও নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। ভুং তাউ এখন শুধু সমুদ্রের শহর নয়—এটি হয়ে উঠছে ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার এক অপূর্ব মিলনভূমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *