May 30, 2026

জামায়াত কার্যালয় থেকে সরকারি সার–বীজ জব্দ, এলাকায় চাঞ্চল্য

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট বাজারে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ জব্দ করেছে উপজেলা কৃষি অফিস। কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে এসব প্রণোদনা সামগ্রী মজুদ থাকায় এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সুরাট ইউনিয়নের জামায়াত কার্যালয়ে অভিযান চালিয়ে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার ও ১৯ কেজি মসুর ডালের বীজ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন যে, সরকারি প্রণোদনার সার-বীজ জামায়াত কার্যালয়ে অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। বিষয়টি সদর উপজেলা কৃষি অফিসে জানানো হলে অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়।

অভিযানের সময় ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুনের নেতৃত্বে কৃষকরা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরে কৃষি কর্মকর্তারা সার ও বীজ উদ্ধার করে উপজেলা কৃষি অফিসে নিয়ে যান।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সার ও বীজ জব্দ করা হয়েছে। এগুলো সরকারি প্রণোদনা হিসেবে কৃষকদের মধ্যে বিতরণের কথা, কোনো রাজনৈতিক দলে সংরক্ষণ করার নিয়ম নেই।”

এ বিষয়ে সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন বলেন, “৬ জন কৃষক তাদের সার ও বীজ সাময়িকভাবে আমাদের অফিসে রেখে গিয়েছিলেন। শনিবার সকালে তারা তা নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করছে।”

সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী জানান, “সরকারি সার ও বীজ রাজনৈতিক কার্যালয়ে মজুদ রাখা স্পষ্টতই অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর থেকে সুরাট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কৃষকরা বলছেন, সরকারি প্রণোদনার সামগ্রী নিরপেক্ষভাবে বিতরণের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *