শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি আশপাশের ৪টা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারিপুর ও বরিশাল এই ৪টা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক এমন মন্তব্য করেছেন,আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।
গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে গত কাল বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামজা এ কথা বলেন।
তিনি বলেন, ৩টি আসন ৩ জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা মানচিত্রে না থাকাই ভালো। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলায় বাংলাদেশ করা হোক।
তিনি বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপরে হামলা করা। সুতরাং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তারপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নিব, যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে, তারা এর সঙ্গে জড়িত।
সমাবেশে জেলা জামায়াত নেতারা বলেন, অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। ত ছাড়া, গোপালগঞ্জের পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারবে না। জেলা জামায়াতের এই সমাবেশে জেলা নায়েবে আমির মোহাম্মদ আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
