প্রতারণার ফাঁদে ফেলে বাংলাদেশিদের কিডনি যেভাবে পাচার হচ্ছে ভারতে বিকালের মৃদু রোদে জয়পুরহাটের কালাই উপজেলার বৈগুনি গ্রামে নিজের অসমাপ্ত ইটের তৈরি ঘরের সামনে বসে ৪৫ বছর বয়সী সফিরুদ্দিন পেটের ডান পাশের ব্যথা আর পোড়া পোড়া অনুভূতি নীরবে সব সহ্য করছিলেন ।
গত ২০২৪ সালের গ্রীষ্মে তিনি ভারতের এক হাসপাতালে নিজের কিডনি বিক্রি করেন তিন লক্ষ ৫০ হাজার টাকায়। স্বপ্ন ছিল, দারিদ্র্য থেকে মুক্তি পাবেন, ০৩ সন্তানের জন্য ভালো একটি ঘর তৈরি করবেন। কিন্তু সেই টাকা বহু আগেই শেষ হয়ে গিয়েছে। ঘর এখনো অসমাপ্ত, আর শরীরের ব্যথা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয়, তিনি কী ভয়ংকর মূল্য দিয়েছেন।
সফিরুদ্দিন এখন কষ্ট নিয়ে কাজ করেন স্থানীয় একটি কোল্ড স্টোরেজে। শরীরের অবস্থাও ভালো না। সারাক্ষণ ব্যথা আর ক্লান্তিতে ভোগেন এই ভুক্তভোগী, ফলে সাধারণ কাজও ঠিকভাবে করতে পারেন না। তিনি বলেন, আমার পরিবার যে ভালো থাকতে পারে সে জন্যই আমার কিডনি দিয়েছিলাম। স্ত্রী আর সন্তানদের জন্যই সব করেছি আমি।
সে যখন কিডনি বিক্রি করেন, তখন এটা তেমন ভয়ংকর সিদ্ধান্ত মনে হয়নি । তাঁর কাছে আসা দালালেরা সবকিছু সহজ আর ঝুঁকিমুক্ত বলেই বুঝিয়েছে। তাঁরা বলেন, এটা একটা সুযোগ, বিপদের কিছু নয়। শুরুতে সন্দেহ ছিল সফিরুদ্দিনের, কিন্তু দারিদ্র্য আর অসহায়ত্ব শেষ পর্যন্ত তাঁর সন্দেহকে হার মানিয়েছে।
দালালেরা তাঁকে মেডিকেল ভিসা দিয়ে ভারতে নিয়ে যায়। ফ্লাইট, কাগজপত্র, হাসপাতালের সব আনুষ্ঠানিকতা সবকিছু তারাই ঠিকঠাক করে দেয়। ভারতে পৌঁছানোর পর কিডনি গ্রহীতার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক প্রমাণ করার জন্য তাঁর জাল পরিচয়পত্র তৈরি করা হয়। নকল কাগজপত্র বানানো হয়, এমনকি তার পরিচয়ও বদলে ফেলা হয়।
সফিরুদ্দিন জানায় আমি জানিই না, আমার কিডনি কে পেয়েছে। ওরা (দালালেরা) আমাকে কিছুই বলে নাই। ভারতীয় আইনে কেবল নিকটাত্মীয়দের মধ্যেই অঙ্গদান বৈধ, অথবা সরকারের বিশেষ অনুমোদন লাগে। কিন্তু পাচারকারীরা নকল কাগজ, ভুয়া পরিচয়পত্র, এমনকি ডিএনএ রিপোর্ট পর্যন্ত তৈরি করে আইনকে ফাঁকি দেয়।
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন বিষয়ক টাস্কফোর্সের সদস্য মনির মনিরুজ্জামান জানায়, সাধারণত বিক্রেতার নাম পাল্টে দেওয়া হয়। ভুয়া নোটারি সার্টিফিকেট দেখিয়ে আত্মীয়তার সম্পর্ক বানানো হয়। নকল জাতীয় পরিচয়পত্র দিয়ে দেখানো হয়, যেন দাতা সত্যিই ভাই-বোন বা পরিবারের কেউ।
সফিরুদ্দিনের ঘটনা মোটেও ব্যতিক্রম নয়। তাঁর গ্রাম বৈগুনিতে এত বেশি মানুষ কিডনি বিক্রি করেছে যে পুরো গ্রামটাই এখন এক কিডনির গ্রাম নামে পরিচিত। কিডনি বিক্রির হটস্পট হিসেবে পরিচিত হয়ে উঠেছে কালাই উপজেলা।
গত ২০২৩ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্লোবাল হেলথে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ওই অঞ্চলের প্রতি ৩৫ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন কিডনি বিক্রি করেছেন।
কালাই উপজেলা বাংলাদেশের অন্যতম দরিদ্র এলাকা। অধিকাংশ কিডনি বিক্রেতা ৩০-এর কোটায় থাকা পুরুষ। ৮৩ শতাংশ লোকই বলেছে, দারিদ্র্য তাদের কিডনি বিক্রি করতে বাধ্য করেছে। কেউ কেউ ঋণ শোধ, মাদকাসক্তি বা জুয়া আসক্তির কারণেও এই পথে গেছেন।
সফিরুদ্দিন বলেন, দালালেরা তাঁর পাসপোর্ট রেখে দেয়, কখনো ফেরত দেয়নি। এমনকি অপারেশনের পর যে ওষুধ দেওয়া হয়েছিল, সেটাও পাননি তিনি। তিনি বলেন, ওরা আমার সবকিছু নিয়ে নিয়েছে।দালালেরা সাধারণত বিক্রেতার পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট রেখে দেয়। ফলে ট্রান্সপ্ল্যান্টের কোনো প্রমাণ থাকে না, পরবর্তী চিকিৎসাও পাওয়া যায় না।
এই কিডনিগুলো বিক্রি হয় বাংলাদেশ বা ভারতের ধনী রোগীদের কাছে, যারা দীর্ঘ অপেক্ষার ঝামেলা এড়িয়ে দ্রুত অঙ্গপ্রত্যঙ্গ পেতে চান। ভারতে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ চূড়ান্ত পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত হয়, অথচ ২০২৩ সালে মাত্র ১৩ হাজার ৬০০টি কিডনি প্রতিস্থাপন হয়েছে।
বাংলাদেশি দশ পনেরো জন কিডনি বিক্রেতার সঙ্গে কথা বলেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সবার গল্প প্রায় এক দারিদ্র্য তাদের এই পথে নিয়ে গেছে। সরল সমীকরণ দারিদ্র্য, দীর্ঘ অপেক্ষা, আইনি দুর্বলতা আর ধনীদের চাহিদা এই ব্যবসাকে থামতে দেয় না।
কালাই উপজেলারই বিনাই গ্রামের ৪৫ বছরের বিধবা জোসনা বেগমও একই পথে গেছেন।গত ২০১২ সালে স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে (১৮ ও ২০ বছর বয়সী) নিয়ে জীবনের সংগ্রামে নেমেছিলেন। ঢাকায় পোশাক কারখানায় কাজ করতে গিয়ে পরিচয় হয় বেলালের সঙ্গে, পরে তাঁরা বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর গত ২০১৯ সালে এক দালালের প্রলোভনে পড়ে ভারত গিয়ে ২ জনই কিডনি বিক্রি করেন।
জোসনা জানায়, এটা ভুল ছিল। শুরুতে দালাল ৫ লাখ টাকা দিতে চেয়েছিল, পরে তা বাড়িয়ে ৭ লাখ বলেছিল। কিন্তু অপারেশনের পর আমি মাত্র ৩ লাখ টাকা পেয়েছি।জোসনা ও বেলালকে নিয়ে যাওয়া হয় কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্স হাসপাতালে। তিনি বলেন, আমরা বাসে করে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে যাই, সেখানে হাসপাতালের কাছেই ভাড়া বাসায় রাখে আমাদের।
এই নারী আরও জানান, ট্রান্সপ্ল্যান্টের জন্য তাদের নকল কাগজপত্র বানানো হয়, যাতে দেখানো হয় তারা ও গ্রহীতা আত্মীয়। তিনিও জানেন না, তার কিডনি কে পেয়েছে। তিনি বলেন, পাসপোর্টসহ সব আইডি দালালের কাছেই ছিল। আমি ওষুধের প্রেসক্রিপশন নিতে রাজি ছিলাম না, পাসপোর্টও চেয়েছিলাম। দেয়নি।
অপারেশনের পর প্রায় ০২ মাস ভারতে ছিলেন। পরে দালালেরা তাঁকে ফেরত পাঠায়, তখনো পুরো টাকার আশ্বাস দিয়েছিল। কিছু টাকা আর ঈদের সময় সামান্য সাহায্যের পর তারা যোগাযোগ বন্ধ করে দেয়।
