May 30, 2026

মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশে ফিরেছেন। আওয়ামী লীগ সরকারের সময় দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ।

গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আবদুল হামিদ থাইল্যান্ড থেকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ৩টার দিকে আব্দুল হামিদ বিমানবন্দর ছাড়েন।
ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে তাঁর দেশে ফেরার খবর জানায়। তাঁর সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডাক্তার নওশাদ খান।
আজ সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস. এম রাগীব সামাদ জানায়, আব্দুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ সূত্রে জানা যায়, উড়োজাহাজ থেকে হুইলচেয়ারে করে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়।
আব্দুল হামিদ গত ৭ মে দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে।জুলাই ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।চলতি বছরের গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ থানায় মামলাটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *